Logo

অটো ছিনতাইয়ের ঘটনায় চালককে গলা কেটে হত্যার অভিযোগ

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
১৪ অক্টোবর, ২০২৬, ১২:৪৩
অটো ছিনতাইয়ের ঘটনায় চালককে গলা কেটে হত্যার অভিযোগ
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাখাওয়াত হোসেন নামে এক অটোচালককে গলা কেটে হত্যার পর তাঁর ব্যাটারিচালিত অটো ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহত সাখাওয়াত হোসেন পাঁচবিবি উপজেলার উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার জীবিকার তাগিদে নিজের ব্যাটারিচালিত অটো নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত। রাতে কোনো এক সময় পাথরঘাটা ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে ব্রিজের পশ্চিম পাশে নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বুধবার সকালে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ওই স্থানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD