Logo

নির্বাচনি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৪ অক্টোবর, ২০২৬, ১৬:৪৭
নির্বাচনি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ। এ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি। আমাদের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। ওই অনুযায়ী আমার ফ্যামিলি কার্ড হস্তান্তর করবো।”

এ কর্মসূচি নিয়ে কেউ যাতে বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে। তাই তথ্য সংগ্রহ ও কার্ড বিতরণ কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন।

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও সরকারি সহায়তার বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু জানান, এবার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এই বরাদ্দের পরিমাণ ছিল ৫০০ কেজি। এ ছাড়া হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকেও আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাদের জন্য বরাদ্দ বাড়িয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে যথাযথভাবে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে। দায়িত্ব পালনে তাঁরাও সজাগ রয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া। বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD