Logo

নিরাপত্তার দায়িত্ব ছেড়ে গানের অনুষ্ঠানে, পুলিশ লাইন্সে সংযুক্ত এএসআই

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২১ অক্টোবর, ২০২৬, ১৪:৪০
নিরাপত্তার দায়িত্ব ছেড়ে গানের অনুষ্ঠানে, পুলিশ লাইন্সে সংযুক্ত এএসআই
ছবি: সংগৃহীত

সিলেটে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন না করে পুলিশের পোশাক পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় জালালাবাদ থানার এএসআই উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) সাইফুল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দায়িত্ব ছেড়ে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি।

তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এএসআই উদয়ন ফারুকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD