Logo

হাইব্রিড ধান-৯ ও ১০ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮
হাইব্রিড ধান-৯ ও ১০ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন দুটি উচ্চফলনশীল হাইব্রিড জাত ব্রি হাইব্রিড ধান ৯ ও ব্রি হাইব্রিড ধান ১০ চাষাবাদের জন্য অনুমোদন পেয়েছে। এর মধ্যে ব্রি হাইব্রিড ধান-৯ মাঝারি লবণাক্ততা সহনশীল ও হেলে পড়া প্রতিরোধী, যার গড় ফলন হেক্টরপ্রতি ৬.০-১০.৫ টন। অন্যদিকে, ব্রি হাইব্রিড ধান-১০ চিকন দানা এবং হেলে পড়া প্রতিরোধী, যা উপকূলীয় অঞ্চলে হেক্টরপ্রতি ৬.৫-৭.০ টন ফলন দিতে সক্ষম।

বিজ্ঞাপন

অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা ও আধুনিকায়ন প্রকল্পের অর্জন বাংলাদেশের উপকূলীয় ও লবণাক্তপ্রবণ অঞ্চলের কৃষিতে নতুন আশার বার্তা নিয়ে এসেছে ব্রি উদ্ভাবিত দুটি নতুন হাইব্রিড ধানের জাত ব্রি হাইব্রিড ধান-৯ ও ব্রি হাইব্রিড ধান-১০।

জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় জাত দুটি সারাদেশে চাষাবাদের জন্য অনুমোদন লাভ করেছে। দেশীয়ভাবে উদ্ভাবিত পিতৃ ও মাতৃ সারির সংকরায়ণে জাত দুটি উন্নয়ন করা হয়েছে, যা দেশের ধান গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

দেশের প্রথম লবণাক্ততা সহনশীল হাইব্রিড ধান

ব্রি হাইব্রিড ধান-৯ দেশের প্রথম লবণাক্ততা সহনশীল হাইব্রিড ধান হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতটি চারা থেকে পরিপক্ক অবস্থা পর্যন্ত ৪–৮ ডিএস/মি মাত্রার লবণাক্ততা সহ্য করতে সক্ষম। ফলে বোরো মৌসুমে উপকূলীয় লবণাক্ত অঞ্চলসহ সারাদেশের স্বাভাবিক জমিতেও এ জাতের চাষাবাদ করা যাবে।

ধান-৯ উদ্ভাবিত হয়েছে মাতৃ সারি বিআরআরআই ৭২এ এবং পিতৃ সারি বিআরআরআই ৫৬আর এর সংকরায়ণের মাধ্যমে। এর কৌলিক সারি বিআর৩৫৭৯এইচ। পিতৃ ও মাতৃ সারির জীবনকালের পার্থক্য মাত্র সাত দিনের মধ্যে হওয়ায় বীজ উৎপাদন সহজ এবং হেক্টরপ্রতি ২–২.৫ মেট্রিক টন পর্যন্ত বীজ উৎপাদন সম্ভব।

বিজ্ঞাপন

অন্যদিকে, ব্রি হাইব্রিড ধান-১০ উদ্ভাবিত হয়েছে মাতৃ সারি বিআরআরআই ৭২এ এবং পিতৃ সারি বিআরআরআই ৪২আর এর সংকরায়ণে। এর কৌলিক সারি বিআর৩৭৫৫এইচ। পিতৃ ও মাতৃ সারির জীবনকাল পার্থক্য দশ দিনের মধ্যে থাকায় বীজ উৎপাদন প্রক্রিয়াও তুলনামূলকভাবে সহজ এবং হেক্টরপ্রতি ২–২.৫ মেট্রিক টন বীজ উৎপাদন করা যায়।

দুটি জাতেরই গাছ পরিপক্ক অবস্থায় সবুজ থাকে এবং ঢলে পড়া প্রতিরোধী। মাঝারি লবণযুক্ত (৮ ডিএস/মি) মাটিতেও এ জাতগুলো সফলভাবে চাষযোগ্য। জীবনকাল: ১৪৫–১৪৭ দিন, স্বাভাবিক জমিতে ফলন: ৯.৫–১০.৫ টন/হেক্টর, উপকূলীয় অঞ্চলে ফলন: ৬.৫–৭ টন/হেক্টর, হাজার দানার ওজন: ২৫.৫ গ্রাম।

দানার আকৃতি: মাঝারি, অ্যামাইলোজ: ২৩.৬%, প্রোটিন: ৯.৩%। ব্রি হাইব্রিড ধান১০, জীবনকাল: ১৪৫–১৪৭ দিন,স্বাভাবিক জমিতে ফলন: ৯.৭–১০.৭ টন/হেক্টর, উপকূলীয় অঞ্চলে ফলন: ৬.৫–৭ টন/হেক্টর, হাজার দানার ওজন: ২৩.৭ গ্রাম, দানার আকৃতি: চিকন, অ্যামাইলোজ: ২৩.৫%,প্রোটিন: ৯.১%

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা ধান উৎপাদনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে লবণাক্ততা সহনশীল ও উচ্চ ফলনশীল হাইব্রিড জাত উদ্ভাবন খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রি হাইব্রিড ধান-৯ ও ধান-১০ বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয় বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত এ দুটি জাত বাংলাদেশের কৃষি গবেষণার সক্ষমতারও উজ্জ্বল দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

উপকূল থেকে মূলভূখণ্ড সবখানেই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে যাচ্ছে এই দুটি হাইব্রিড ধান। কৃষকের মাঠে এর সফল সম্প্রসারণ দেশের খাদ্য উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD