জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা একপর্যায়ে দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এই ঘটনা ঘটে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর ফল নির্ধারণে টাইব্রেকার শুরু হয়। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে কয়েক দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে মাঠ ও আশপাশের এলাকায়।
বিজ্ঞাপন
সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজন ক্যাম্পাস সাংবাদিক রয়েছেন। তারা হলেন—লিমন ইসলাম, রাকিবুল ইসলাম, ফাতেমা আলী, সোহান ফরাজী, শিহাব, সোহানুর রহমান সুবেল, তৌসিন, নাইম, রাকিব ও মাজহার।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। টাইব্রেকারের ফলাফল নিয়ে অসন্তোষ থেকেই মূলত সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও সংশ্লিষ্টরা মাঠে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।








