Logo

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:০৭
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে হাজারীবাগের গজমহল এলাকার একটি ভবনের পাঁচতলার ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সোয়া তিনটার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আমেনা খাতুন হাজারীবাগ এলাকার মিন্টু মিয়ার মেয়ে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় বাসায় বসবাস করতেন।

বিজ্ঞাপন

আমেনা খাতুনের ভাতিজা শান্ত জানান, তাঁর ফুপু মানসিক রোগে আক্রান্ত ছিলেন। দুপুরের কোনো এক সময় তিনি কাউকে কিছু না জানিয়ে ভবনের ছাদে ওঠেন এবং হঠাৎ নিচে লাফ দেন। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD