মিরপুরে জামায়াতের পোলিং অফিসারসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর পল্লবীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই এজেন্টকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। বহিষ্কৃত পোলিং অফিসার সুমনা ইসলাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের ওই অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুজন এজেন্ট নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) এই অনুপ্রবেশে সহায়তা করেন।
অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় পোলিং অফিসার সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া অভিযুক্ত দুই এজেন্টকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন








