Logo

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৯:৪৪
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের প্রধান ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন— সাইফ (২৩), তুহিন (২০) ও রাব্বি কাজী (২৫)। তবে তারা কোন গ্রুপের সদস্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের নেতা ইমন নিহত হন। মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে ৩টি চাপাতি, ১টি কাটার ও ১টি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

বিজ্ঞাপন

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেবি/জেএইচআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD