Logo

৩ দিনের ব‍্যবধানে মোহাম্মদপুরে আবারও খুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৬, ১২:০৫
৩ দিনের ব‍্যবধানে মোহাম্মদপুরে আবারও খুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে তিন দিনের ব্যবধানে আবারও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে ‘লম্বু আসাদুল’ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টা ৫০ মিনিটে বেড়িবাঁধ এলাকার সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

পুলিশ জানায়, নিহত আসাদুল হক বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা। তার বাবার নাম জলিল সর্দার। তিনি বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন এবং এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন।

এডিসি জুয়েল রানা জানান, রাতে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগমুখী সড়কের সাদেক খান ইটখোলা এলাকায় পথচারীরা রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। তার বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, আসাদুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে ঘটনায় কারা জড়িত এবং হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশের একটি সূত্র জানায়, এই ঘটনায় মুন্না, নয়ন ও মিরাজসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। মাদক সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে এলেক্স ইমন নামে এক যুবককে হত্যা করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আরেকটি খুনের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/এসডি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD