Logo

ঢাকায় মধ্যরাতে উল্টেছে কাভার্ড ভ্যান, দুপুর গড়ালেও মেটেনি যানজট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই, ২০২৬, ১৩:১৮
ঢাকায় মধ্যরাতে উল্টেছে কাভার্ড ভ্যান, দুপুর গড়ালেও মেটেনি যানজট
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় সড়কের ওপর উল্টে থাকা একটি কাভার্ডভ্যান সোমবার দুপুর পর্যন্তও সরানো সম্ভব হয়নি। ফলে ঢাকা থেকে বের হওয়ার (আউটগোয়িং) সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, রবিবার দিবাগত মধ্যরাতে কাভার্ডভ্যানটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়িভাবে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে সেটি বিআরটি লেনের মুখে পড়ে থাকায় ওই অংশে যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে।

দুর্ঘটনার কারণে ঢাকামুখী (ইনকামিং) লেনে যান চলাচল স্বাভাবিক রাখা গেলেও রাজধানী থেকে বের হওয়ার পথে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে ওই এলাকায় দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ট্রাফিক পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি সরিয়ে নিতে রাত থেকেই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। ছোট ও বড়—দুই ধরনের রেকার ব্যবহার করে দুই দফা চেষ্টা করা হলেও মালবাহী গাড়িটি সরানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ট্রাফিক উত্তরার এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার এসএম হাসিবুর রহমান জানান, দুর্ঘটনায় পড়া কাভার্ডভ্যানটি মালামালে পূর্ণ এবং তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দুর্ঘটনার পর চালক ও গাড়ির সহকারীদের পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন অথবা গাড়ি উদ্ধারের ব্যবস্থা করতে অন্যত্র অবস্থান করছেন।

তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশের কাছে থাকা রেকার দিয়ে ভারী বোঝাই গাড়িটি সরানো যাচ্ছে না। এদিকে রাজারবাগে থাকা বড় রেকারটিও বর্তমানে অচল থাকায় উদ্ধারকাজে অতিরিক্ত জটিলতা তৈরি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, কাভার্ডভ্যানে থাকা যোগাযোগ নম্বরের মাধ্যমে মালিকপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের উপস্থিতিতে প্রথমে গাড়ির ভেতরের মালামাল নামানো হবে। এরপর উপযুক্ত উদ্ধারযন্ত্র ব্যবহার করে কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের আশা, মালামাল খালাসের পর দ্রুত যানটি অপসারণ করা সম্ভব হবে। ততক্ষণ পর্যন্ত ওই সড়ক ব্যবহারকারীদের ধীরগতিতে চলাচল এবং বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD