Logo

চুয়াডাঙ্গায় বাস উল্টে নারী-শিশুসহ আহত অন্তত ১৯ জন

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২৩ জুলাই, ২০২৬, ১৭:০৪
চুয়াডাঙ্গায় বাস উল্টে নারী-শিশুসহ আহত অন্তত ১৯ জন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারী ও শিশুসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় একজনের শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে চুয়াডাঙ্গা শহর থেকে ছেড়ে যায়। বাসটি সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নারী ও শিশুসহ মোট ১৯ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একই পরিবারের সাতজন রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময় জানান, দুর্ঘটনার পর হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে মোট ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তারা আহতদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD