সড়কে পড়ে যাওয়া মাছ তুলতে গিয়ে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়কে পড়ে যাওয়া পাঙ্গাস মাছ তুলতে গিয়ে দ্রুতগতির ট্রাকের চাপায় আবুবক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে তা বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আবুবক্কর। পথে তার মাছ বহনকারী যান থেকে একটি পাঙ্গাস মাছ সড়কের ওপর পড়ে যায়। মাছটি কুড়িয়ে নিতে তিনি সড়কে নামেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক দ্রুত পালিয়ে যায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানতে তদন্ত করা হচ্ছে।








