Logo

বিএনপির সমাবেশ ঘিরে মালিবাগ-কাকরাইলে যানজট, বাস ছেড়ে হাঁটছেন যাত্রীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৬, ১৭:২২
বিএনপির সমাবেশ ঘিরে মালিবাগ-কাকরাইলে যানজট, বাস ছেড়ে হাঁটছেন যাত্রীরা
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগ থেকে কাকরাইল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কয়েক শ যানবাহন দীর্ঘ সময় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) বিকেলে মালিবাগ থেকে কাকরাইল সড়কে এমন চিত্র দেখা যায়। দীর্ঘক্ষণ যানবাহন আটকে থাকায় অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন ও রিকশাসহ সব ধরনের যানবাহনই যানজটে আটকা পড়েছে।

যাত্রীদের অভিযোগ, রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় যানবাহনে বসে থেকেও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তাঁরা। বিশেষ করে কর্মস্থল ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন।

উত্তরা থেকে টিকাটুলী যাওয়ার পথে যানজটে আটকে পড়া এক যাত্রী জানান, প্রায় এক থেকে দেড় ঘণ্টা ধরে তিনি সড়কে আটকে আছেন। কোনো দিকেই এগোনো সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর বিএনপি এই আয়োজন করছে, এটা ঠিক আছে। তারা চাইলে খোলা মাঠে সমাবেশ করতে পারতো। তাহলে যাত্রীদের এত দুর্ভোগে পড়তে হতো না। তাদের দলীয় কার্যালয় রাস্তার পাশে হওয়ায় সেখানে সমাবেশ করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আরও পরিকল্পিতভাবে কাজ করা প্রয়োজন ছিল।’

যানজটে আটকে ক্ষোভ প্রকাশ করেন এক রিকশাচালক। তিনি বলেন, ‘মামা, সামনেও যেতে পারছি না, পেছনেও যেতে পারছি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি।’

রামপুরা থেকে আসা আরেক যাত্রী বলেন, ‘কোনো মাঠে সমাবেশ করলে কি কোনো সমস্যা হতো? এভাবে কতক্ষণ থাকা যায়? বাস থেকে নেমে এখন হেঁটে যাওয়ার কথা ভাবছি।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD