Logo

কাঁচা মরিচের ঝালে পুড়ছে নগরবাসী, সবজিতেও নেই স্বস্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৬, ১১:৫০
কাঁচা মরিচের ঝালে পুড়ছে নগরবাসী, সবজিতেও নেই স্বস্তি
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় রাজধানীর বিভিন্ন বাজারে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত বৃষ্টিতে খেত থেকে মরিচ ও অন্যান্য সবজি সংগ্রহে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি কাঁচামরিচ দ্রুত পচে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে পুরো সবজির বাজারে। ফলে কাঁচামরিচের পাশাপাশি প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর সাধারণ ক্রেতারা।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বর্তমানে বাজারে নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ টাকায়। আর পুরোনো কাঁচামরিচের দাম উঠেছে ৩২০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা জানান, মাত্র তিন দিন আগেও নতুন কাঁচামরিচ বিক্রি হয়েছে ২৪০ টাকা কেজি দরে। আর এক সপ্তাহ আগে একই মরিচের দাম ছিল মাত্র ১২০ টাকা। তাদের ভাষ্য, টানা বৃষ্টির কারণে অল্প সময়ের মধ্যেই মরিচের সরবরাহ কমে যাওয়ায় কয়েক গুণ বেড়ে গেছে দাম।

শুধু কাঁচামরিচ নয়, সবজির বাজারেও দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, ধুন্দল ১০০ টাকা, করলা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৩২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায়। এ ছাড়া প্রতিটি মিষ্টি কুমড়া ৬০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, লাউ ৮০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

সবজি বিক্রেতা আকাশ বলেন, টানা বৃষ্টিতে মরিচের খেতে পানি জমে গেলে ফসল রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়ে। অনেক মরিচ নষ্ট হয়ে গেছে। বাজারে যে পরিমাণ মরিচ আসছে, তা চাহিদার তুলনায় অনেক কম। এ কারণেই দাম বেড়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে কয়েক দিনের মধ্যে দাম আবার কমে আসতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এক সপ্তাহ আগেও তারা ১২০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করেছি। তারও আগে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজিতে। দুই-তিন দিন আগে দাম বেড়ে ২৪০ টাকায় পৌঁছায়, আর এখন তা ৩২০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। শুধু মরিচ নয়, টানা বৃষ্টির প্রভাব পড়েছে প্রায় সব ধরনের সবজির বাজারে।

বিজ্ঞাপন

বউ বাজারের ক্রেতা জান্নাতুর রহমান, মাত্র দুই-তিন দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কয়েক দিন আগেও ২০০ টাকা কেজি দরে মরিচ কিনেছি। অথচ এখন একই মরিচ কিনতে ৩২০ টাকা গুনতে হচ্ছে। বৃষ্টির কারণে কিছুটা দাম বাড়তে পারে, কিন্তু এত বেশি মূল্য নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD