মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিকট বিস্ফোরণের শব্দ

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমাসদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া বস্তুগুলোর মধ্যে দুটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল। বস্তু দুটি নিষ্ক্রিয় করার সময় স্টেশন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
তিনি বলেন, এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের কাছে রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যায়। এখনো সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করার কাজ করছে। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বোমা নাকি ককটেল ছিল, তা নিশ্চিত করা যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডিটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল।
বিজ্ঞাপন
আরও জানা যায়, ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পর থেকে মতিঝিল এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।








