Logo

কাজে অসঙ্গতি পেলেই বরখাস্ত : রাজউক চেয়ারম্যানের কঠোর বার্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন, ২০২৬, ১৪:৫০
কাজে অসঙ্গতি পেলেই বরখাস্ত : রাজউক চেয়ারম্যানের কঠোর বার্তা
ছবি: সংগৃহীত

রাজধানীর ফুসফুস খ্যাত হাতিরঝিল প্রকল্পের সৌন্দর্য রক্ষা এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন ও পরিচ্ছন্নতা কর্মসূচি তদারকি করতে উপস্থিত হন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষর (রাজউক) এর চেয়ারম্যান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা’ (সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা) বাস্তবায়নের অংশ হিসেবে আজ এই বিশেষ কার্যক্রম পরিচালিত হয়।

বিজ্ঞাপন

​আজ শুক্রবার (১৯ জুন, ২০২৬) সকাল ১০টা থেকে রাজউক চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল হাতিরঝিল প্রকল্পের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

​অসঙ্গতিতে কোন ছাড় দেওয়া হবে না মর্মে কঠিন বার্তা দেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম রিজু। পরিদর্শনকালে ঝিলপাড়ের পরিচ্ছন্নতা রক্ষা, পানির গুণগত মান এবং লেক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের কার্যক্রমে বেশ কিছু অসঙ্গতি ও অবহেলা চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের রক্ষণাবেক্ষণে এমন ঢিলেঢালা ভাব দেখে তিনি তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

​সেখানেই তিনি দায়িত্বে থাকা কর্মকর্তা, কর্মচারী এবং পরিচ্ছন্নতা কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তলব করেন এবং তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত সবার উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রাজউক চেয়ারম্যান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের গ্রিন ও ক্লিন ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। এখানে কোনো ধরনের অবহেলা, ফাঁকিবাজি বা অসংগতি কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এবং হাতিরঝিলের সৌন্দর্য রক্ষায় রাজউক শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করবে।" তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ভবিষ্যতে পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের কাজে বিন্দুমাত্র গাফিলতি কিংবা অনিয়ম পাওয়া গেলে দায়ীদের তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্তসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন ও তদারকি কার্যক্রমে রাজউকের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও কর্মকর্তারা চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন— রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জহিরুল ইসলাম এবং সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব এরাদুল হক। এছাড়াও হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক, রাজউকের বিভিন্ন জোনের পরিচালক ও প্রকৌশলী এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরাও মাঠপর্যায়ের কর্মীদের কাজের গুণগত মান বজায় রাখার ব্যাপারে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক নির্দেশনা দেন। ​রক্ষণাবেক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন রাজউক চেয়ারম্যান।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট রাজউক সূত্র জানায়, হাতিরঝিলের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, লেকের পানির দূষণ রোধ এবং দর্শনার্থীদের জন্য সুস্থ পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেয়ারম্যানের নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নিয়মিত তদারকি আরও জোরদার করা হবে এবং যেকোনো মূল্যে হাতিরঝিলকে অবৈধ দখল, ময়লা-আবর্বজনা ও দূষণমুক্ত রাখতে হবে।

​পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান হাতিরঝিলে আগত সাধারণ নগরবাসীদের সঙ্গেও কথা বলেন এবং ঢাকার পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD