Logo

হাফ ভাড়ার সুবিধা নিয়ে শিক্ষার্থীরা আমাদের কী প্রতিদান দেন, প্রশ্ন চালকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুন, ২০২৬, ১২:৪৯
হাফ ভাড়ার সুবিধা নিয়ে শিক্ষার্থীরা আমাদের কী প্রতিদান দেন, প্রশ্ন চালকের
ছবি: সংগৃহীত

রাজধানীর এক বাসচালকের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিন হাফ ভাড়ার সুবিধা নেওয়া শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হওয়ার পর পরিবহন শ্রমিকদের জন্য কী অবদান রাখেন।

বিজ্ঞাপন

রোববার (২১ জুন) ছড়িয়ে পড়া ভিডিওটিতে ওই চালকের পরিচয় জানা না গেলেও তার বক্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ মনে করেন শিক্ষার্থীদের হাফ ভাড়ার সুবিধা রাষ্ট্রীয় নীতির অংশ, কোনো ব্যক্তিগত অনুগ্রহ নয়।

ভিডিওতে চালক বলেন, শিক্ষার্থীরা প্রায় ২০ বছর হাফ ভাড়ায় যাতায়াত করে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পুরো সময়জুড়ে পরিবহন শ্রমিকরা তাদের যাতায়াত সহজ করতে ভূমিকা রাখেন। কিন্তু পড়াশোনা শেষে তারা সমাজে প্রতিষ্ঠিত হলেও শ্রমিকদের জন্য দৃশ্যমান কোনো অবদান রাখতে দেখা যায় না।

বিজ্ঞাপন

তার দাবি, একসময় হাফ ভাড়ায় চলাচল করা অনেক শিক্ষার্থী পরবর্তীতে চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা কিংবা বিচারক হন। কিন্তু পরিবহন শ্রমিকরা তাদের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা পান না। উদাহরণ হিসেবে তিনি বলেন, অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে গেলে তাকেও অন্য সবার মতো পূর্ণ ফি পরিশোধ করতে হয়।

চালক আরও বলেন, পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের নিজেদের সন্তান বা স্বজনের মতো মনে করেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তবে কোনো কারণে বিরোধ সৃষ্টি হলে অনেক সময় শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তার ভাষ্য, সামান্য কোনো সমস্যা বা ভাড়া নিয়ে বিরোধ তৈরি হলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বাস আটকে দেন কিংবা শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। অথচ তারা ভাবেন না, শ্রমিকরাও কারও বাবা, ভাই বা পরিবারের সদস্য।

তবে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতও দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, শিক্ষার্থীদের হাফ ভাড়ার সুবিধা সরকার নির্ধারিত নীতির অংশ। শিক্ষার্থীদের শিক্ষা ও চলাচল সহজ করতে এ ধরনের সুবিধা দেওয়া হয়, যা দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।

চালকের বক্তব্য ও তা ঘিরে জনমতের এই আলোচনা শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সম্পর্ক, পারস্পরিক দায়িত্ববোধ এবং সামাজিক মূল্যবোধ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD