হাতিরঝিলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাজধানীবাসীর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হাতিরঝিল। প্রতিদিন সকাল-বিকেল হাঁটাহাঁটি, শরীরচর্চা এবং অবসর সময় কাটাতে হাজারো মানুষ এখানে ভিড় করেন। পরিবার-পরিজন নিয়ে স্বস্তির কিছু সময় উপভোগের জন্য ঢাকার যে কয়েকটি স্থান সবচেয়ে বেশি জনপ্রিয়, তার মধ্যে হাতিরঝিল অন্যতম। তবে দীর্ঘদিন ধরে লেকের পানিতে দুর্গন্ধ, সবুজাভ রং এবং জমে থাকা আবর্জনার কারণে এর পরিবেশ ও সৌন্দর্য নিয়ে নগরবাসীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
হাতিরঝিলকে আবারও পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে ফিরিয়ে আনতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে শনিবার (২০ জুন) সকালে চলমান অভিযান সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হওয়া এই পরিদর্শনে প্রতিমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। তাদের মধ্যে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংস্থাটির বিভিন্ন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা।
বিজ্ঞাপন
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাতিরঝিলের চারপাশের হাঁটার পথ, লেকের পানির বর্তমান অবস্থা এবং সবুজায়ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি লেকের পানি দূষণমুক্ত রাখা এবং ময়লা-আবর্জনা দ্রুত অপসারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর শাহে আলম বলেন, “হাতিরঝিল ঢাকার অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে কিছুটা স্বস্তি ও নির্মল পরিবেশের খোঁজে আসেন। তাই এর পরিবেশ ও সৌন্দর্য কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। পরিচ্ছন্নতা কার্যক্রম যেন শুধু সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে, বরং স্থায়ী সমাধান নিশ্চিত করে—সেদিকে গুরুত্ব দিতে হবে।”
এ সময় রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম চলমান কাজের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, লেক ও এর আশপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আগামী সাত দিনের মধ্যে বিশেষ অভিযান সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মাঠপর্যায়ে রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছেন। এ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দল ও কর্মচারী দলের সভাপতি জাফর সাদিক। তিনি সরাসরি উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের কার্যক্রম সমন্বয় ও তদারকি করছেন। তার নেতৃত্বে অভিযান আরও গতিশীল হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে হাতিরঝিলের পানিদূষণ, দুর্গন্ধ এবং আবর্জনা নিয়ে নগরবাসীর মধ্যে যে অসন্তোষ ছিল, তা দূর করতে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশসচেতন মানুষ। তাদের প্রত্যাশা, চলমান কার্যক্রম সফলভাবে শেষ হলে হাতিরঝিল আবারও তার হারানো সৌন্দর্য ফিরে পাবে এবং সব বয়সী মানুষের জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবে।








