টানা বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগ, বিপাকে অফিসগামী ও শিক্ষার্থীরা

রাজধানী ঢাকায় ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তিদের পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়।
বিজ্ঞাপন
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে এর তীব্রতা বেড়েছে। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে অনেককে ছাতা ও রেইনকোট ব্যবহার করতে দেখা গেছে। আবার কেউ কেউ বৃষ্টি কমার অপেক্ষায় বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানের সামনে আশ্রয় নিয়েছেন।
রামপুরা এলাকায় সকাল থেকেই অফিসগামী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বৃষ্টির কারণে গণপরিবহনের সংকট তৈরি হয়। বাসের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। অনেকে বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজেই গন্তব্যের উদ্দেশে রওনা হন।
রামপুরার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আব্দুর রাজ্জাক বলেন, সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। কিন্তু বৃষ্টির কারণে ঠিকমতো গাড়ি পাওয়া যাচ্ছিল না। একদিকে বৃষ্টি, অন্যদিকে রাস্তায় গাড়ির চাপ সব মিলিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্যদিনের তুলনায় আজ অফিসে পৌঁছাতে অনেক বেশি সময় লেগেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
খিলগাঁও এলাকাতেও একই পরিস্থিতি দেখা গেছে। বৃষ্টির মধ্যেই স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচল করতে হয়েছে। বিশেষ করে যেসব শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা চলছে, তাদের অভিভাবকেরা দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই সন্তানদের নিয়ে স্কুলে গেছেন।
খিলগাঁওয়ের বাসিন্দা আমেনা খাতুন বলেন, ছেলের বার্ষিক পরীক্ষা চলছে। সুতরাং স্কুলে যাওয়া ছাড়া উপায় নেই। পরীক্ষা না থাকলে আজ ছেলেকে স্কুলে আনতাম না। ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে, থামার কোনো লক্ষণ দেখছি না। বৃষ্টির মধ্যে বাচ্চাদের নিয়ে চলাচল করা খুবই কষ্টকর।
মালিবাগ এলাকাতেও কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ ছিল স্পষ্ট। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে যায়। ফলে বিভিন্ন স্থানে গণপরিবহনের অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের।
বিজ্ঞাপন
মালিবাগের বাসিন্দা ফেরদৌসী রহমান জানান, জরুরি কাজে বাইরে বের হলেও বৃষ্টির কারণে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ছাতা সঙ্গে থাকলেও বৃষ্টির তীব্রতায় পুরোপুরি সুরক্ষা পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে মতিঝিল এলাকায় অফিসগামী মানুষের ভোগান্তি ছিল আরও বেশি। অনেককে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গেছে। কেউ কেউ নির্ধারিত সময়ের পরে অফিসে পৌঁছেছেন।
মতিঝিলের একটি বিমা কোম্পানির কর্মকর্তা মো. নাসিম বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাসা থেকে বের হতে দেরি হয়েছে। এরপর রাস্তায় এসে গাড়ি পেতেও সমস্যা হয়েছে। অফিসের সময় ঠিক রাখতে চাইলেও আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বৃষ্টির মধ্যে প্রায় ২০ মিনিট ছোটাছুটি করে তারপর রিকশা পেয়েছি। রিকশা চালক প্রায় দ্বিগুণ ভাড়া নিয়েছে। এরপর বৃষ্টিতে ভিজে অফিসে এসেছি। আমাদের অফিসে না আসলে বেতন কাটা যাবে। তাই চরম ভোগান্তি সত্ত্বেও অফিসে আসতে হয়েছে।
এদিকে ব্যক্তিগত ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া সাধারণ মানুষও পড়েছেন বিপাকে। বৃষ্টির কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে গণপরিবহনের ওপর নির্ভরশীল মানুষের দুর্ভোগ বেড়েছে।
রামপুরার পথচারী মিলন জানান, ব্যক্তিগত কাজে বাইরে বের হয়েছিলেন। অল্প সময়ের মধ্যে বৃষ্টি থেমে যাবে বলে ধারণা করলেও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকে। এতে প্রয়োজনীয় কাজ শেষ করতে দেরি হচ্ছে।
বিজ্ঞাপন
খিলগাঁও তালতলা এলাকার গৃহিণী রাবেয়া আক্তার বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। জরুরি কিছু কেনাকাটা করা দরকার। অনেক সময় বাসায় অপেক্ষা করেছি। কিন্তু বৃষ্টি তো থামছে না। তাই বৃষ্টির মধ্যেই চলে আসলাম। এখন ভয় হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে আবার ঠান্ডা লেগে যায় কিনা।
সব মিলিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত অব্যাহত বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে বাড়তি সময় ও দুর্ভোগের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।








