রাজধানীর খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত ও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খিলগাঁও থানার পেছনে কয়েকটি ভবন পার হয়ে বাটা শোরুমের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। পরে ফুটেজের ভিত্তিতে মাজহারুল নামে একজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, আটক ব্যক্তি নিজেকে রিকশাচালক বলে পরিচয় দিয়েছেন। তবে তার সঙ্গে কোনো রিকশা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের কাছে তথ্য এসেছে, তিনি ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় তাকে বহনকারী একটি মোটরসাইকেলও সন্দেহের তালিকায় রয়েছে। মোটরসাইকেলচালককে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।







