জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

রাজধানীর জলাবদ্ধতা কমানো, ডেঙ্গুর বিস্তার রোধ এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে বাসাবো-কদমতলা খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, আবর্জনা পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বাসাবো এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
ডিএসসিসির নিজস্ব অর্থায়নে আগামী তিন মাসের মধ্যে খালটির খিলগাঁও ও ছায়াবীথি হয়ে শকুননগর খাল পর্যন্ত ২ দশমিক ১৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এ সময় খালের তলদেশ থেকে প্রায় ২২ হাজার ২৬৫ ঘনমিটার পলি ও বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে। খননকাজ শেষ হলে খালের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সৌন্দর্য বাড়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “দখল ও দূষণের কারণে একসময়ের প্রবহমান বাসাবো-কদমতলা খালটি বর্তমানে সরু ড্রেনে পরিণত হয়েছে। শুধু ওপরের আবর্জনা নয়, খালের তলদেশে জমে থাকা মাটিও অপসারণ করে ট্রাকের মাধ্যমে দ্রুত সরিয়ে নেওয়া হবে, যাতে পাড়ে বর্জ্য জমে না থাকে।”
খালের সুরক্ষা ও সৌন্দর্য বজায় রাখতে দুই পাশে পাড় বাঁধাই এবং নিরাপত্তা দেয়াল বা গ্রিল স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে অবৈধ দখলদারদের স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।
এলাকাবাসীকে খালে ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়। বাসাবো ও খিলগাঁওকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন এবং সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, “ডেঙ্গু প্রতিরোধ ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বাসাবো ও খিলগাঁও-সংলগ্ন খাল ও ঝিলগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসসিসি প্রশাসক সরেজমিনে এলাকা পরিদর্শন করে যেসব নির্দেশনা দিয়েছেন, তা নিয়মিত তদারকিও করছেন। তাঁর তত্ত্বাবধানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকা-৯ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার ও পুনঃখননের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল, ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল এবং ২৩ নভেম্বর কুতুবখালী খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়।
অন্যদিকে, ডিএসসিসির অঞ্চল-৬-এর ৭৫ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়নকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট থেকে ১৬১/৫ নম্বর হোল্ডিং পর্যন্ত নর্দমাসহ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি প্রশাসক ও প্রতিমন্ত্রী।







