Logo

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন, ২০২৬, ২০:৪৩
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একজন উপ-পরিদর্শকের (এসআই) স্ত্রী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ জুন) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো একসময় নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন নিলুফার ইয়াসমিন। ব্যক্তিগত হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদনও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার জানান, দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদ এলাকার একটি বাসা থেকে নিলুফারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত নিলুফার ইয়াসমিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের স্ত্রী। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD