ফুটবল খেলা নিয়ে বিরোধ, সালিশ বৈঠকে হামলায় বিএনপি নেতা নিহত

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ফুটবল খেলা দেখা নিয়ে সৃষ্টি হওয়া বিরোধের জেরে আয়োজিত সালিশি বৈঠকে হামলার ঘটনায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন বিএনপি নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
নিহত মো. আবুল বাসার বাদশা (৩০) নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। আহত মো. সাদ্দাম (৩৫) একই ইউনিটের সভাপতি। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানায়, বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় বিরোধ মীমাংসার উদ্দেশ্যে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে, এতে আবুল বাসার বাদশা ও সাদ্দাম গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে আবুল বাসার বাদশার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা গেছে, গত ২৯ জুন ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের নিষ্পত্তির জন্যই বুধবার রাতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও আবুল বাসার বাদশা গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলায় অভিযুক্তরা এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, ঘটনার কারণ ও হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।








