সরকারি হিসাব কমিটির সভাপতি বিরোধী দলের তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি—সরকারি হিসাব কমিটির সভাপতি হিসেবে বিরোধী দলের প্রতিনিধি, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদনের মাধ্যমে কমিটিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম সরকারি হিসাব কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন। পরে সংসদ সদস্যদের সর্বসম্মত সমর্থনে প্রস্তাবটি গৃহীত হয় এবং কমিটির সভাপতি হিসেবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্তমান সংসদে এ পর্যন্ত মোট নয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সরকারি হিসাব কমিটিই একমাত্র কমিটি, যার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে। এর আগে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদেও সংসদের জবাবদিহিমূলক গুরুত্বপূর্ণ এই কমিটির নেতৃত্ব বিরোধী দলের কাছেই ছিল।
সংসদ সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় চারটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দলের কাছে দেওয়ার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছিল। সরকারি হিসাব কমিটি সেই চারটি কমিটির অন্যতম।
বিজ্ঞাপন
নতুন গঠিত সরকারি হিসাব কমিটিতে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে প্রতিনিধিত্ব রাখা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির সংসদ সদস্য আমানউল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), মো. মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারী হেলাল (খুলনা-৪), মোহাম্মদ মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকারি হিসাব কমিটি সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ তদারকি কমিটি হিসেবে বিবেচিত। রাষ্ট্রীয় অর্থ ব্যয়, সরকারি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম এবং মহাহিসাব নিরীক্ষকের প্রতিবেদনের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানই এই কমিটির প্রধান দায়িত্ব। ফলে কমিটির নেতৃত্বে বিরোধী দলের একজন সদস্যকে দায়িত্ব দেওয়াকে সংসদীয় জবাবদিহিতা ও কার্যকর নজরদারির দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।








