এবার কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে ভয়াবহ আগুন

দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কোচে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে মাত্র কয়েক মিনিটের প্রচেষ্টায় রাত ৯টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো সেখানে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনটির নামও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে।
ঘটনাস্থলে দেখা যায়, প্ল্যাটফর্মে থাকা অন্যান্য কোচের পাশে আগুনে পুড়তে থাকা কোচটি দাউদাউ করে জ্বলছে। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়।








