পোশাক খাতের ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ, ইপিবির সঙ্গে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিক, কর্মচারী এবং মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর মধ্যে পৃথক চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
চুক্তি অনুযায়ী আগামী তিন অর্থবছর—২০২৬-২৭, ২০২৭-২৮ এবং ২০২৮-২৯ মেয়াদে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ের মধ্যে মোট ২২ হাজার ৮১৫ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ কর্মসূচির আওতায় বিজিএমইএ ও বিকেএমইএ-এর তত্ত্বাবধানে শ্রমিকদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালিত হবে। অন্যদিকে বিইউএফটি-এর ব্যবস্থাপনায় কর্মকর্তাদের জন্য ছয় মাস মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালু করা হবে।
এই কর্মসূচির সব ব্যয় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণ তহবিল থেকে বহন করা হবে। উদ্যোগটির মূল লক্ষ্য উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতির কার্যকর ব্যবহার, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উন্নতমানের পণ্য উৎপাদন এবং দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন রপ্তানি বাজারের কমপ্লায়েন্স ও ‘রুলস অব অরিজিন’ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হবে।
সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দেশে স্যুট ফ্যাক্টরির সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই বেসিক ওভেন মেশিন পরিচালনার প্রশিক্ষণের পাশাপাশি সার্কুলার মেশিন এবং কমপ্লায়েন্সসংক্রান্ত বিষয়গুলো প্রশিক্ষণ মডিউলে অন্তর্ভুক্ত করা হলে কর্মসূচি আরও যুগোপযোগী ও কার্যকর হবে।
বিজ্ঞাপন
বিকেএমইএ-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান বলেন, প্রশিক্ষণ কর্মসূচি পুনরায় চালুর ফলে তৈরি পোশাক শিল্পের শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তা—সব পর্যায়ের জনবল উপকৃত হবে।
ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রশিক্ষণ মডিউলের আধুনিকায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং কার্যকর মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা শিল্পখাতে কতটা ইতিবাচক প্রভাব ফেলছে, তা নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগামী তিন বছরব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে ইপিবির মহাপরিচালক ও সিএমসি প্রধান মো. রুহুল আমিন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, বিইউএফটি-এর উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা আশা করছেন, এই চুক্তির মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠার পাশাপাশি খাতটির আধুনিকায়ন ও রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী হবে।








