Logo

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৯
প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের সংকট, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করা এসব সাংবাদিকের সংকটে তাদের ও পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সচিবালয় বিটের দুই প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্য এবং দুই অসুস্থ সাংবাদিককে মোট ২০ লাখ টাকা সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বার্ষিক সাধারণ সভায় এই সহায়তা দেওয়া হয়।

সহায়তার আওতায় প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদার ও হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়। পাশাপাশি অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিন ও আমানুর রহমানের চিকিৎসার জন্যও পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

দৈনিক ইনকিলাবের প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তার ছেলে মো. তৌহিদ হারুন। তিনি জানান, তার বাবা দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। পরিবারের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিজ্ঞাপন

দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক ও প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা। তিনি জানান, কোভিডে স্বামীর মৃত্যুর পরও তাদের পরিবার সহায়তা পেয়েছিল। বর্তমান সহায়তাটিও পরিবারের জন্য প্রয়োজনীয় সময়ে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তার স্ত্রী নাসরিন জাহান। তিনি স্বামীর চিকিৎসায় সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানুর রহমানের চিকিৎসার জন্যও পাঁচ লাখ টাকার সহায়তা দেওয়া হয়। নিজের বক্তব্যে এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিকদের সংকটে পাশে দাঁড়ানোর জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি তারা কৃতজ্ঞ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এএন্ডএফ, ইডাব্লিউপিডি এবং বিসিডিএল ও পরিচালক, বসুন্ধরা স্পোর্টস সিটি; এম. জেড. হোসেন আরজু, হেড অব ডিভিশন (আর অ্যান্ড ডি), এবিজি এবং মো. শাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।

মো. ইমরুল হাসান বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন বাস্তবতা তুলে ধরেন। আর্থিক সংকটের মধ্যে থাকলে একজন সাংবাদিকের পেশাগত কাজও নানা বাধার মুখে পড়তে পারে। এ কারণে সাংবাদিকদের আর্থিকভাবে স্বচ্ছল থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, এবিজি সাংবাদিকদের পাশে থাকার পাশাপাশি এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে সাংবাদিকতার ভালো ও দায়িত্বশীল কাজকে উৎসাহিত করতে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের বিষয়েও অনুষ্ঠানে জানানো হয়। অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক প্রতিবেদনের স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হবে। প্রস্তাবিত পুরস্কারের স্পন্সর হিসেবে থাকবে এবিজি ফাউন্ডেশন।

ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতি শুক্রবার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া ছাড়াও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আর্থিক সংকটে থাকা মানুষকে সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কার্যক্রমও চালু রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD