Logo

আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে বারভিডার তিন দিনের কার এক্সপো

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৬, ১৮:৩৮
আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে বারভিডার তিন দিনের কার এক্সপো
ছবি: সংগৃহীত

জাপান থেকে আমদানি করা জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়ির সম্ভার নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এতে একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি দাম ও সুযোগ-সুবিধা যাচাই করে পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অটোমোবাইল খাতকে আরও গতিশীল করা এবং রিকন্ডিশন্ড গাড়ির বাজার সম্পর্কে ক্রেতাদের ধারণা বাড়ানো এ আয়োজনের অন্যতম লক্ষ্য। জাপান থেকে আমদানি করা জনপ্রিয় গাড়িগুলো এক জায়গায় প্রদর্শনের মাধ্যমে ক্রেতাদের গাড়ি নির্বাচন ও কেনার প্রক্রিয়া সহজ করতে চায় সংগঠনটি।

এক্সপোতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

দর্শনার্থীরা সরাসরি গাড়ি দেখার পাশাপাশি মডেলভেদে প্রযুক্তি, বৈশিষ্ট্য, সুযোগ-সুবিধা ও দাম সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি একই স্থানে থাকায় বাজেট ও পছন্দ অনুযায়ী তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।

গাড়ি কেনাবেচায় স্বচ্ছতা ও সহজলভ্যতা বাড়ানো এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরি করাও এ আয়োজনের উদ্দেশ্য।

### জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

বিজ্ঞাপন

বারভিডা কার এক্সপো ২০২৬-এর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে একটি প্রদর্শনী। এতে দেশের সড়কে জাপানি গাড়ির যাত্রা শুরুর সময় থেকে বর্তমান পর্যন্ত অটোমোবাইল প্রযুক্তির পরিবর্তন ও বিকাশ তুলে ধরা হবে।

প্রদর্শনীতে বিভিন্ন সময়ের জনপ্রিয় জাপানি গাড়ির ছবি, ঐতিহাসিক মডেল এবং প্রযুক্তিগত বিবর্তনের নানা দিক উপস্থাপন করা হবে। পাশাপাশি বাংলাদেশের পরিবহন খাতে জাপানি গাড়ির দীর্ঘদিনের অবদানও তুলে ধরা হবে। নির্ভরযোগ্যতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত পুরোনো মডেল থেকে আধুনিক হাইব্রিড ও উন্নত প্রযুক্তিনির্ভর গাড়িতে পৌঁছানোর ধারাবাহিকতা থাকবে এ আয়োজনের অংশ হিসেবে।

আয়োজকদের মতে, জাপানি গাড়ি দেশের পরিবহন খাতের পাশাপাশি কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও সরকারি রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

বারভিডার ভাষ্য, অটোমোবাইল খাত শুধু গাড়ি আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, বিনিয়োগ, প্রযুক্তির প্রসার এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের সঙ্গেও এ খাতের সরাসরি যোগসূত্র রয়েছে।

এ প্রেক্ষাপটে এক্সপোর মাধ্যমে রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও জনপ্রিয় ও গতিশীল করা, ক্রেতা-বিক্রেতার মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন মডেল সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ তৈরি করতে চায় সংগঠনটি। জাপানি গাড়ির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দেশের অর্থনীতি ও রাজস্ব আয়ে এ খাতের ভূমিকা তুলে ধরাও আয়োজনের লক্ষ্য।

বারভিডা কার এক্সপো ২০২৬ পরিদর্শনে গাড়িপ্রেমী, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী, পরিবার ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠনটি।

বিজ্ঞাপন

গাড়ি কেনার পরিকল্পনা করছেন, বিভিন্ন মডেলের বৈশিষ্ট্য ও দাম যাচাই করতে চান কিংবা আধুনিক হাইব্রিড প্রযুক্তি ও বাংলাদেশে জাপানি গাড়ির ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী—এমন দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি বিশেষ সুযোগ তৈরি করবে বলে আশা করছে বারভিডা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD