জুলাই আন্দোলনের মামলায় আসামি ড. জাফর ইকবাল

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনকে আসামি করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত সংস্থা প্রয়োজনীয় অনুসন্ধান শেষে প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার কাজ চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলায় ড. মুহম্মদ জাফর ইকবালের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের প্রেক্ষাপটে দীর্ঘ সময় ধরে তদন্ত পরিচালনা করা হয়। তদন্ত কর্মকর্তা সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিবেদনটি যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) প্রস্তুত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। এরপর ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক অভিযোগ আদালতে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট আরেকটি মামলায় এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। প্রসিকিউশনের দাবি, ওই কথোপকথনে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়। সেই প্রেক্ষাপটেও বিভিন্ন মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।








