Logo

বিদেশি ভিসা আবেদনে স্বস্তি, সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১৭:১৩
বিদেশি ভিসা আবেদনে স্বস্তি, সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বিদেশে ভিসা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ‘ভিসা বন্ড’ বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংকের মাধ্যমেই এই অর্থ বিদেশে পাঠানো যাবে। ফলে দীর্ঘদিনের জটিলতা ও ভোগান্তি থেকে স্বস্তি পাবেন বিদেশগামী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি ভিসা পাওয়ার শর্ত হিসেবে কোনো আবেদনকারীকে যদি ভিসা বন্ড বা সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হয়, তাহলে ব্যাংকগুলো এখন গ্রাহকের পক্ষে সেই অর্থ বিদেশে পাঠানোর অনুমতি পাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশে উচ্চশিক্ষা, কাজ কিংবা অন্যান্য ভিসা আবেদনের সময় অনেক বাংলাদেশিকেই আর্থিক গ্যারান্টি বা নিরাপত্তা জামানত জমা দেওয়ার শর্ত পূরণ করতে হয়। এতদিন এ অর্থ পাঠানোর ক্ষেত্রে নানা ধরনের জটিলতা থাকায় আবেদনকারীরা বিড়ম্বনায় পড়তেন। নতুন নীতিমালার মাধ্যমে সেই প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ব্যাংকগুলো আবেদনকারীদের নামে আন্তর্জাতিক অথবা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে। এসব কার্ডে প্রয়োজনীয় পরিমাণ অর্থ প্রিলোড করে দেওয়া হবে, যা কেবল ভিসা বন্ড বা সংশ্লিষ্ট সিকিউরিটি ডিপোজিট পরিশোধের কাজে ব্যবহার করা যাবে।

এছাড়া যেসব গ্রাহকের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, তারা ভ্রমণ কোটার আওতায় নিজেদের কার্ডেও পুনরায় অর্থ লোড করে এ সুবিধা নিতে পারবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব কিংবা এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও ভিসা বন্ড পাঠানোর সুবিধা পাওয়া যাবে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় আর্থিক গ্যারান্টি বা নিরাপত্তা জামানতের প্রয়োজন হয়। নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে এবং সময়ও কম লাগবে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক লেনদেনে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাও আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ হবে।

উল্লেখ্য, ভিসা বন্ড হলো বিদেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত হিসেবে জমা রাখার একটি ব্যবস্থা। সাধারণত আবেদনকারী নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে আসবেন—এমন নিশ্চয়তা নিশ্চিত করতেই অনেক দেশ এ ধরনের বন্ড বা ফেরতযোগ্য নিরাপত্তা আমানত নিয়ে থাকে। ভিসার শর্ত পূরণ হলে পরে ওই অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD