দেশের বাজারে সেপ্টেম্বরেও বাড়ছে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর মাসেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। সব ধরনের জ্বালানি তেলের বর্তমান মূল্যই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে।
বিজ্ঞাপন
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।
এর আগে গত জুন মাসের ১ তারিখ থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। পরবর্তীতে জুলাই ও আগস্ট মাসে এসব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।








