Logo

জুলাই আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা, জাবি শিক্ষার্থী কারাগারে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট, ২০২৬, ১২:২২
জুলাই আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা, জাবি শিক্ষার্থী কারাগারে
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা দেওয়া এবং আন্দোলনবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারাফাত শারিক রোহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন। রোহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ জানান, রোহানের পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মানষ ভদ্র বৃহস্পতিবার রোহানকে আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, রোহানের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে উসকানিমূলক ফেসবুক পোস্টের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করার অভিযোগ রয়েছে।

এ ছাড়া জামিনে মুক্তি পেলে রোহান আত্মগোপনে যেতে পারেন আশঙ্কা প্রকাশ করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার প্রয়োজনীয়তার কথাও আবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এ কে ফজলুল হক হল থেকে রোহানকে আটক করেন জাকসু, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পরদিন বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ আশুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে রোহানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট ভোর ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন রোহান। ওই পোস্টকে কেন্দ্র করে শেরেবাংলা এ কে ফজলুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে হল ছাত্র সংসদের নেতারা তাকে আটক করে রাখেন।

বিজ্ঞাপন

বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে গিয়ে রোহানকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD