Logo

সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর

profile picture
বিনোদন প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১২:৩১
সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর
ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তদন্তে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের কাউকে আসামি করার বিষয়টিও বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন ও হত্যার বিচার দাবি করে নীলা চৌধুরী বলেন, সালমান শাহর মৃত্যুর দিন কী ঘটেছিল, সে বিষয়ে চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তথ্য জানেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বক্তব্য নেওয়া প্রয়োজন।

ডলি জহুরের প্রসঙ্গে সালমান শাহর মা বলেন, মৃত্যুর দিনকার ঘটনা সম্পর্কে অভিনেত্রী অনেক কিছু জানেন বলে তিনি মনে করেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমেও ডলি জহুর ওই দিনের ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেছেন। তাই তদন্তের প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

একই সঙ্গে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের যোগাযোগের বিষয়টিও তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, মৃত্যুর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো তথ্য তদন্তের আওতায় এনে যাচাই করা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডলি জহুরের পাশাপাশি বাদল খন্দকারসহ চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন নীলা চৌধুরী। তার দাবি, এসব ব্যক্তির কাছ থেকেও সালমান শাহর মৃত্যুর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

তদন্তে প্রয়োজন হলে তাদের কাউকে আসামি করা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে নীলা চৌধুরী বলেন, তদন্তে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। তার মতে, প্রকৃত ঘটনা সামনে আনতে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

এদিকে সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তারের পর তদন্ত আরও বিস্তৃত করার দাবি জানিয়েছেন নীলা চৌধুরী।

গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হককে আটক করা হয়। তাকে আটক করতে অভিনেতা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ডিপজলের সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে।

ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার মতে, সালমান শাহর মৃত্যুর সময় চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় থাকা ব্যক্তিদের অনেকের কাছেই ওই সময়কার বিভিন্ন ঘটনা সম্পর্কে তথ্য থাকতে পারে। তদন্তকারীরা তাদের বক্তব্য নিলে মামলার রহস্য উদঘাটনে তা সহায়ক হতে পারে।

বিজ্ঞাপন

ডন হককে গ্রেপ্তারে সহযোগিতা করায় ডিপজলকে ধন্যবাদও জানিয়েছেন সালমান শাহর মা। একই সঙ্গে চলতি বছরের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডন হকের ভোট দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

নীলা চৌধুরীর অভিযোগ, হত্যা মামলার আসামি থাকা অবস্থায় ডন হক কীভাবে এফডিসিতে গিয়ে ভোট দিয়েছেন, সেটিও তদন্তের বিষয় হওয়া উচিত। তাকে এফডিসিতে প্রবেশ ও ভোট দেওয়ার ক্ষেত্রে কেউ সহযোগিতা করেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী।

উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এবং ঘটনায় তাদের দায় রয়েছে কি না, তা আইনগত প্রক্রিয়ায় নির্ধারণ হবে। ফলে নীলা চৌধুরীর পক্ষ থেকে যাদের জিজ্ঞাসাবাদ বা আসামি করার দাবি জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD