Logo

পোস্টাল ব্যালট পেতে ভোগান্তিতে কুয়েত প্রবাসী ভোটাররা

profile picture
জনবাণী ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৮
পোস্টাল ব্যালট পেতে ভোগান্তিতে কুয়েত প্রবাসী ভোটাররা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে পোস্টাল ব্যালট সংগ্রহে চরম ভোগান্তির মুখে পড়েছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে কুয়েতের বহু পোস্ট অফিস কার্যত বন্ধ হয়ে গেলেও ভোটার নিবন্ধনের সময় ভুলবশত সেই সব পোস্ট অফিসের ঠিকানা ব্যবহার করায় অনেক প্রবাসী এখনো সময়মতো ব্যালট পেপার হাতে পাননি।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে এবং পোস্ট অফিসগুলোতে খোঁজখবর নিয়ে দ্রুত প্রবাসীদের হাতে ব্যালট পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এর আগে মঙ্গলবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোট সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীরা পোস্টাল ব্যালট সংগ্রহ ও জমা দিতে গিয়ে যে সব বাস্তব সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

বিজ্ঞাপন

প্রবাসীরা জানান, অনেক ক্ষেত্রে ব্যালট পাঠানো হয়েছে এমন পোস্ট অফিসে, যেগুলো বর্তমানে বন্ধ বা কার্যক্রম সীমিত। ফলে ভোটাধিকার প্রয়োগে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, এবার কুয়েত থেকে ৩৫ হাজার ৩৮৬ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫২৪ জন নারী ভোটার রয়েছেন।

দূতাবাস জানিয়েছে, যারা এখনো ব্যালট পাননি, তারা অনলাইনে ‘পোস্টাল ট্র্যাকিং’ সেবার মাধ্যমে ব্যালটটি কোন পোস্ট অফিসে রয়েছে তা যাচাই করে দ্রুত সংগ্রহ করতে পারবেন। ব্যালট সংগ্রহের পর ‘পোস্টাল ভোট অ্যাপ’-এর নির্দেশনা অনুসরণ করে তা পূরণ করতে হবে এবং হলুদ খামে ভরে ২২ থেকে ২৫ জানুয়ারির মধ্যে নিজ নিজ পোস্ট অফিসে পুনরায় জমা দিতে হবে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত আরও সতর্ক করে বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় কোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি পোস্টাল ভোটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েতপ্রবাসী সকল বাংলাদেশির প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

ভোটাধিকার প্রয়োগে এই জটিলতা দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দূতাবাস কর্তৃপক্ষ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD