Logo

শিশুদের সুস্বাস্থ্যে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ১৩:৫০
শিশুদের সুস্বাস্থ্যে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই
ছবি: সংগৃহীত

শিশুর সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মাতৃদুগ্ধ পানের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুর বেড়ে ওঠার প্রাথমিক পর্যায়ে মায়ের দুধই সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস। জন্মের পরপরই শিশুকে শালদুধ খাওয়ানো জরুরি। এতে প্রচুর প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। বিভিন্ন ধর্মীয় নির্দেশনাতেও নির্দিষ্ট সময় পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, সিজারিয়ান প্রসবের হার বৃদ্ধি ও সচেতনতার ঘাটতির কারণে অনেক শিশু জন্মের পর শালদুধ এবং পরবর্তী সময়ে পর্যাপ্ত মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, একসময় মানুষের জীবনযাপন তুলনামূলকভাবে সাধারণ হলেও শিশুদের প্রতি ভালোবাসা ও যত্ন ছিল বেশি। বর্তমানে শিক্ষিত ও সচ্ছল পরিবারগুলোর অনেক ক্ষেত্রেই শিশুদের প্রতি প্রয়োজনীয় যত্নের ঘাটতি দেখা যাচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অপুষ্টির কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। অনেক মা নিজেদের অপুষ্টির কথা বলে শিশুকে বুকের দুধ দেওয়া বন্ধ করে দেন, যা সঠিক নয়। অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে পর্যাপ্ত মাতৃদুগ্ধ না দেওয়ার কারণে শিশুদের মধ্যে অপুষ্টি বাড়ছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, গত এক বছরে গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে সচেতন করার মতো কার্যকর সভা-সেমিনারের উদ্যোগ দেখা যায়নি। এখন থেকে এক বছরের পরিকল্পনা করে প্রতি মাসে অন্তত একটি জেলায় গিয়ে সিভিল সার্জন, জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি করতে হবে। সেখানে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা সহজ হবে এবং শিশু মৃত্যুর হারও কমে আসবে।

শিশুখাদ্য ও বিকল্প দুধের ব্যবহার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য নিয়ন্ত্রণে আইন রয়েছে। বাজারে পাওয়া বিভিন্ন প্রিজারভেটিভ ও অন্যান্য উপাদানযুক্ত গুঁড়ো দুধের তুলনায় ঘরে তৈরি সুষম খাবার শিশুর জন্য বেশি উপযোগী। ছয় মাস বয়সের পর চালের খুদ, ডাল, আলু ও শাকসবজি দিয়ে তৈরি খিচুড়িজাতীয় খাবার শিশুর জন্য উপকারী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মায়েদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মায়ের দুধ শিশুর জন্য সৃষ্টিকর্তার দেওয়া গুরুত্বপূর্ণ নিয়ামত। তাই কোনোভাবেই যেন শিশুকে এ পুষ্টি থেকে বঞ্চিত করা না হয়। শিশুকে বুকে জড়িয়ে ধরলে সে নিরাপত্তার অনুভূতি পায়। কৃত্রিম বিকল্পের ওপর নির্ভর না করে শিশুদের স্বাভাবিকভাবে মাতৃদুগ্ধ দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুস্থ, শক্তিশালী ও পুষ্টিমানসম্পন্ন শিশুদের একটি প্রজন্ম গড়ে তোলাই হওয়া উচিত সবার লক্ষ্য। ভবিষ্যতে তারাই দেশের দায়িত্ব নেবে।

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগমান’ প্রতিপাদ্যে মাতৃদুগ্ধ পানের হার বাড়াতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) শেখ মোমেনা মনি এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD