ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, আগস্টে প্রাণ গেছে ৩৯ জনের

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই প্রাণ হারিয়েছেন ৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০৯ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫৮ জন ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ২৪৩ জন। এছাড়া বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, ময়মনসিংহে ৮১ জন, রাজশাহীতে ৭৬ জন, রংপুরে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৪ হাজার ৬৮৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৩ জন।
মৃত্যুর হিসাব বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৩৯ জন ডেঙ্গুতে মারা গেছেন।








