Logo

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১০
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানি
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব যেন কিছুতেই থামছে না। প্রতিদিনই নতুন করে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে হামের সর্বশেষ পরিস্থিতি, আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেবল উপসর্গ নিয়ে ৯৬৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে। একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ছিল ৮০ জন, যা নিয়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ৫২৭ জনে।

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির চাপও কমেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হচ্ছে, চিকিৎসাসেবা নিয়ে এ পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৩ জনসহ ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮৮৭ জন শিশুর প্রাণ গেছে। অন্যদিকে এই ছয় মাসে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামরোগী হিসেবে মোট ৯৯ জনের মৃত্যু নথিভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD