ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন।
বিজ্ঞাপন
এছাড়া সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে ২৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩১৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৩ হাজার ৯০৪ জনে পৌঁছেছে।
একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩১ জন। এ পর্যন্ত মোট ৪০ হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫০৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশালে ১৫৩ জন, চট্টগ্রামে ১৯৮ জন, ময়মনসিংহে ৮১ জন এবং রাজশাহীতে ৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।








