হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৯৪

সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গে মোট ৯০৯ জনের মৃত্যু হয়েছে। এর সঙ্গে নিশ্চিত হামে মারা যাওয়া ১০০ জনকে মিলিয়ে এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের। তাদের মধ্যে দুজন ঢাকা জেলার বাসিন্দা। এ ছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
হালনাগাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৩৩ জনের।
বিজ্ঞাপন
এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।








