ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন রোগী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি খুলনা বিভাগে। সেখানে ২৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৪১ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩৯ জনের।
অন্যদিকে, এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৮৫৭ জন ডেঙ্গু রোগী।
নতুন করে আক্রান্তদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা অব্যাহত থাকায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে।








