অক্টোবরে সাত দিনেই ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। অক্টোবরের প্রথম সাত দিনেই এ রোগে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচজন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা গেছেন। এছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৩৫ জন ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে।
বিজ্ঞাপন
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৮ হাজার ২০৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে এ বিভাগে ৭৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এর পর খুলনা বিভাগে ২৯২ জন এবং চট্টগ্রামে ২৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া রাজশাহীতে ২০৬ জন, বরিশালে ১৯৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের শুরুতেই মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি মশা নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের গুরুত্বও বাড়ছে।








