হাম ও উপসর্গে একদিনে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন।
বিজ্ঞাপন
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। এর মধ্যে ২২ হাজার ২০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন।








