Logo

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৬, ১৭:১০
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২
ফাইল ছবি।

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৫২৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪১ জন চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনায় ১২৯ জন, রাজশাহীতে ১১৮ জন, বরিশালে ১১৪ জন, রংপুরে ৫৫ জন, ময়মনসিংহে ৪৩ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৭৭ জন।

চলতি বছরে বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে এখন পর্যন্ত ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪২ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে নয়জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫২৬ জন। আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যান দেশে ডেঙ্গু পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD