হামে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৩২

দেশে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এক দিনে হাম ও এর উপসর্গে প্রাণ গেছে সাতজনের।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রাম ও খুলনায় দুজন করে এবং ঢাকা ও বরিশালে একজন করে মারা গেছেন। এ সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন রয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন, যাদের সবাই ঢাকা বিভাগের।
বিজ্ঞাপন
এ সময়ে হাম আক্রান্তদের মধ্যে নতুন করে ১ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।
এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯০ জন।








