Logo

ডার্কওয়েবে ৬০ লাখ চাকরিপ্রার্থীর তথ্য বিক্রির বিজ্ঞাপন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৬, ১২:৫২
ডার্কওয়েবে ৬০ লাখ চাকরিপ্রার্থীর তথ্য বিক্রির বিজ্ঞাপন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রায় ৬০ লাখ চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) ডার্কওয়েবে বিক্রির বিজ্ঞাপন দেওয়ার দাবি উঠেছে। ‘ম্যাডারক্স’ নামে পরিচয় দেওয়া একটি হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, এসব তথ্য দেশের চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেজ থেকে সংগ্রহ করা হয়েছে। তবে তাদের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিডিজবস।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনে ওই গোষ্ঠী দাবি করে, তাদের কাছে ৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি রয়েছে। এসব নথিতে নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের তথ্য রয়েছে বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়।

হ্যাকার গোষ্ঠীটি একটি সিভির ডেটাসেটের মূল্য ১ হাজার মার্কিন ডলার নির্ধারণ করেছে বলে জানানো হয়েছে। তাদের দাবি, সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে তথ্যগুলো বিক্রি করা হবে। অর্থ পরিশোধের জন্য পেটিএম, ওয়াইজ, পেইউ ও বাইন্যান্সের মতো মাধ্যমের নামও উল্লেখ করা হয়েছে।

দাবির সমর্থনে ১৪৮টি সিভির নমুনা প্রকাশ করেছে গোষ্ঠীটি। প্রকাশিত নথিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, বেশির ভাগ সিভিই পুরোনো। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সিভি সর্বশেষ ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে হালনাগাদ করা হয়েছিল।

বিজ্ঞাপন

যা বলছে বিডিজবস

বিডিজবস এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়ানো হচ্ছে। শুরু থেকেই ব্যবহারকারীদের তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে বলা হয়েছে, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা চালু রয়েছে। পাশাপাশি চাকরিপ্রার্থীদের নিজেদের প্রোফাইল কারা দেখতে পারবেন এবং কারা পারবেন না, সে বিষয়েও বিভিন্ন নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

বিডিজবস জানিয়েছে, নিবন্ধিত বিপুলসংখ্যক নিয়োগকারী প্রতিষ্ঠান নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করে চাকরিপ্রার্থীদের চাকরিসংক্রান্ত তথ্য দেখতে পারে। তবে এসব তথ্য কেবল তাদের নিজস্ব নিয়োগপ্রক্রিয়ায় ব্যবহারের উদ্দেশ্যেই দেওয়া হয়।

কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করলে এবং বিষয়টি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিডিজবস।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো গুজব বা ‘ফলস নিউজে’ বিভ্রান্ত হওয়া উচিত নয়। পাশাপাশি এমন তথ্য যাচাই ছাড়া শেয়ার না করার আহ্বান জানিয়ে যেকোনো বিষয়ে বিডিজবসের অফিসিয়াল সূত্র থেকে তথ্য নিশ্চিত করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ব্যক্তিগত তথ্য নিয়ে সাইবার ঝুঁকি

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের মতে, একটি সিভিতে থাকা নাম, ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের তথ্য একত্রে পাওয়া গেলে সাইবার অপরাধীরা একজন ব্যক্তির বিস্তারিত ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারে।

এ ধরনের তথ্য ব্যবহার করে লক্ষ্যভিত্তিক ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি এবং আর্থিক প্রতারণার মতো অপরাধ চালানো সম্ভব। তাই ডার্কওয়েবে চাকরিপ্রার্থীদের তথ্য বিক্রির দাবিটির সত্যতা যাচাইয়ের পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সতর্ক থাকাও গুরুত্বপূর্ণ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD