Logo

পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের ৯৬ শতাংশ, আসছে বিরল চন্দ্রগ্রহণ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬, ২১:২৫
পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের ৯৬ শতাংশ, আসছে বিরল চন্দ্রগ্রহণ
ছবি: সংগৃহীত

আগামী ২৮ আগস্ট আকাশে দেখা যাবে চলতি বছরের অন্যতম আকর্ষণীয় ও বৈচিত্র্যময় মহাজাগতিক দৃশ্য। ওই দিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করায় বিশ্ববাসী একটি বিরল গভীর আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারবেন। সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা এই চন্দ্রগ্রহণ সরাসরি দেখার সুযোগ পাবেন। আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে ২৮ আগস্ট শুক্রবার ভোরের মধ্যবর্তী সময়ে চন্দ্রগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এ সময় পৃথিবীর ঘন ছায়া চাঁদের উপরিভাগের প্রায় ৯৬ শতাংশ ঢেকে ফেলবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হিসাবমতে, আগামী ২৮ আগস্ট গ্রিনিচ মান সময় ভোর ৪টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ১২ মিনিটে) আংশিক গ্রহণের চূড়ান্ত পর্যায়টি দৃশ্যমান হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আমেরিকা অঞ্চলের মানুষ ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত স্পষ্ট পর্যবেক্ষণ করতে পারলেও ইউরোপ ও আফ্রিকার মানুষ সূর্যোদয় বা সূর্যাস্তের নির্দিষ্ট মুহূর্তে আংশিক রূপটি দেখতে পাবেন।

বিজ্ঞাপন

পুরো চাঁদ এবার ঢাকা না পড়লেও পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে সূর্যের আলো বিচ্ছুরিত হওয়ার ফলে চাঁদের ঢেকে যাওয়া অংশটি গাঢ় লাল বা তামাটে আভা ধারণ করবে। এই রক্তিম দৃশ্যের কারণে একে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘ব্লাড মুন’ বলা হচ্ছে।

চন্দ্রগ্রহণের পুরো প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বিস্তৃত থাকবে, তবে চাঁদের তামাটে রূপের স্থায়িত্ব হবে কিছুটা কম। গত ১২ আগস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের আকাশে ঘটে যাওয়া পূর্ণ সূর্যগ্রহণের ঠিক দুই সপ্তাহ পরই একই সরলরেখায় পৃথিবীর অবস্থানের কারণে এই চন্দ্রগ্রহণটি ঘটছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যগ্রহণ পর্যবেক্ষণের মতো চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে চোখের জন্য বিশেষ কোনো সুরক্ষার প্রয়োজন নেই। ফলে খালি চোখেই নিরাপদে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে। তবে দূরবীন বা সাধারণ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠে ছায়ার অগ্রসর হওয়া এবং রঙের পরিবর্তন আরও স্পষ্টভাবে দেখা সম্ভব হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD