নাসার নতুন চমকপ্রদ গ্যালারিতে মহাকাশের ১৬ গ্যালাক্সি

মহাবিশ্বের বৈচিত্র্য ও নান্দনিক সৌন্দর্য তুলে ধরে ১৬টি গ্যালাক্সির সমন্বয়ে নতুন একটি গ্যালারি প্রকাশ করেছে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি। বিভিন্ন মহাকাশ ও স্থলভিত্তিক টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য একত্র করে এসব ছবি তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্যালারির ছবিগুলোতে সর্পিল, উপবৃত্তাকার ও অনিয়মিত—এই তিন ধরনের গ্যালাক্সির বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। চন্দ্রের এক্স-রে পর্যবেক্ষণের পাশাপাশি নাসার জেমস ওয়েব ও হাবল স্পেস টেলিস্কোপ, আইএক্সপিই, সুইফট, নুস্টারসহ বিভিন্ন পর্যবেক্ষণযন্ত্রের তথ্য ব্যবহার করা হয়েছে।
নাসার তথ্য অনুযায়ী, এক্স-রে তরঙ্গদৈর্ঘ্যে মহাকাশ পর্যবেক্ষণ করে কোটি কোটি ডিগ্রি তাপমাত্রার উত্তপ্ত গ্যাস, বিস্ফোরিত নক্ষত্রের অবশিষ্টাংশ এবং অতিভারী কৃষ্ণগহ্বর থেকে ছুটে আসা শক্তিশালী জেট বা প্রবাহ শনাক্ত করা সম্ভব। এসব পর্যবেক্ষণ গ্যালাক্সির সৃষ্টি, বিকাশ এবং একে অপরের সঙ্গে সংঘর্ষের প্রক্রিয়া বুঝতে বিজ্ঞানীদের সহায়তা করে।
নতুন গ্যালারিতে রয়েছে ‘হোয়েল গ্যালাক্সি’, ‘সিগার গ্যালাক্সি’, সেন্টোরাস এ এবং সোমব্রেরো গ্যালাক্সিসহ বেশ কয়েকটি পরিচিত মহাজাগতিক বস্তু। কোনো কোনো ছবিতে গ্যালাক্সির পারস্পরিক সংঘর্ষ, কৃষ্ণগহ্বরের জেট এবং দ্রুতগতিতে নতুন নক্ষত্র তৈরির অঞ্চলও দৃশ্যমান হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞানীদের কাছে এসব ছবি শুধু মহাকাশের সৌন্দর্যের নিদর্শন নয়; বরং গ্যালাক্সির ভেতরে চলমান জটিল প্রক্রিয়া বোঝার গুরুত্বপূর্ণ মাধ্যম। দূরবর্তী গ্যালাক্সির পরিবর্তন ও বিবর্তন পর্যবেক্ষণ করে আমাদের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সির অতীত এবং সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কেও ধারণা পাওয়া যায়।








