যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে

ওয়াশিংটন ও তেহরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালালে তা গোটা অঞ্চলে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তার এই বক্তব্য উঠে আসে।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি ঘিরে যখন উত্তেজনা বাড়ছে, তখনই এই সতর্কবার্তা দেন খামেনি। তিনি যুক্তরাষ্ট্রের হুমকিকে গুরুত্বহীন বলে উল্লেখ করে বলেন, “(ট্রাম্প) নিয়মিতই বলেন যে তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি জাতি ভীত নয়। হুমকিতে ইরানের জনগণ বিচলিত হবে না।”
তিনি আরও বলেন, ইরান কোনো সংঘাতের সূচনা করতে চায় না এবং অন্য দেশকে আক্রমণের ইচ্ছাও তাদের নেই। তবে কেউ হামলা বা উসকানি দিলে ইরান শক্ত জবাব দেবে বলেও স্পষ্ট করেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে, পারমাণবিক চুক্তি ও অভ্যন্তরীণ পরিস্থিতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ-উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি লিটোরাল কমব্যাট জাহাজ মোতায়েন রয়েছে।
তবে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি নাকচ করছে না তেহরান। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এমন আলোচনায় রাজি, যা ‘ন্যায্য’ হবে এবং দেশের প্রতিরক্ষামূলক সক্ষমতা ক্ষুণ্ন করবে না।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা দেশটির জন্য ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সরকারি হিসাব অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় ইরানে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, তাদের যাচাইকৃত তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৬ হাজার ৭১৩ জন। এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








