দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩

দক্ষিণ লেবাননের নাবাতেহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। হামলায় একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, নাবাতেহের মায়ফাদৌন এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আকস্মিক এই হামলায় ভবনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।








