Logo

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৬

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬, ২১:০২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের শেষভাগে সানসেট পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিউইয়র্ক নগরীর অগ্নিনির্বাপক বিভাগ (এফডিএনওয়াই) এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসা বিভাগের কর্মীরা।

এফডিএনওয়াইয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। পরিস্থিতি মোকাবিলায় দুই শতাধিক অগ্নিনির্বাপক ও জরুরি চিকিৎসাকর্মী ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা দোতলা ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়তে দেখেন। আগুনের তীব্রতায় ভবনের ভেতরের সিঁড়িও ভেঙে পড়ে।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ভবনটি থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত এক পুরুষ ও এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এ ঘটনায় আরও চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত তিনজন অগ্নিনির্বাপক কর্মীও।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। দুর্ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির উপস্থিতি পাওয়ায় বিশেষ বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণকারী দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তবে ওই ব্যাটারির সঙ্গে অগ্নিকাণ্ডের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD